কারাগারে থেকেও আসামি হলেন দুই তরুণ!
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিফ গ্রামের দুই তরুণ কারাগারে আটক থাকা অবস্থায় সংঘটিত একটি চুরির মামলায় তাঁদের আসামি করা হয়েছে। নাটোর আদালত সূত্র জানায়, দারিফ গ্রামের মামুন (২৫) ও মাসুদ রানাকে (২৩) একটি চুরির মামলায় রাজশাহী থানা পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত ৩১ অক্টোবর থেকে তাঁরা কারাগারে আটক আছেন। গত ২৪ নভেম্বর নাটোর শহরের কানাইখালী এলাকায় শাপলা ক্লিনিকের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মওদুদ আহমেদ নাটোর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (্এসআই) দেলোয়ার হোসেন এ মামলায় ওই দুই তরুণকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেন। গত ২২ ডিসেম্বর তিনি আদালতের কাছে তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। নাটোর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মজিবর রহমান তাঁদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বর্তমানে ওই দুই তরুণ নাটোর কারাগারে আটক আছেন। আসামিদের আইনজীবী স্বপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক।’ তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিরা নির্দোষ কি না তা বলা যাবে না।