কারাগারে নিজাম হাজারীর রক্তদান ও রেয়াতের বিষয়ে জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী কারাগারে থাকা অবস্থায় কতবার রক্তদান করেছেন এবং এ জন্য তিনি কত দিন রেয়াত পেয়েছেন তা জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইজি প্রিজন ও চট্টগ্রামের জ্যেষ্ঠ জেল সুপারকে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিজাম হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দিয়েছিলেন। শুনানি শেষে ৩ আগস্ট হাইকোর্ট রায়ের জন্য ১৭ আগস্ট দিন ধার্য রাখেন। সেদিন নিজাম হাজারীর হাজতবাসের একটি নথি তলব করে ২৩ আগস্ট রায়ের দিন পুনর্নির্ধারণ করেন আদালত। ওই নথি এলে সেদিন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ৩০ আগস্ট রায়ের নতুন দিন ঠিক করেন। এর ধারাবাহিকতায় ধার্য তারিখে আদালত রায় দেওয়া শুরু করেন। তবে সেদিন আদালতের কর্মঘণ্টা শেষ হওয়ায় অসমাপ্ত রায় ঘোষণার জন্য গতকাল দিন রাখা হয়েছিল।

গতকাল বেলা পৌনে তিনটার দিকে আদালত বলেন, কিছু তথ্যের বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। কারাগারে থাকা অবস্থায় বিবাদীর (নিজাম হাজারী) রক্তদানের বিষয়ে দেওয়া তথ্য নিরীক্ষা করা প্রয়োজন। কারাগারে থাকার সময় বেশ কয়েকবার তিনি রক্তদান করেছেন বলে একটি প্রতিবেদন দিয়েছেন। এতে তিনি কোন কোন তারিখে রক্তদান করেছেন, তা দেখা যাচ্ছে না। বিষয়টি ভেরিফিকেশন করা প্রয়োজন। বিবাদীর দাবি, ১৯৫৯ সালের ২১ মে সরকারের এক সার্কুলারের আলোকে তিনি ৪৮৬ দিন রেয়াত পান। এ বিষয়ে দাপ্তরিক অবস্থান থেকে কোনো রেকর্ড নেই। এটি দেখার জন্য কারা কর্তৃপক্ষ থেকে প্রতিবেদন আসা প্রয়োজন।

শুনানিতে অংশ নিয়ে রিট আবেদনকারীর আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল বলেন, ২০০৭ সালে এই সুযোগ রহিত করা হয়েছে। তখন আদালত বলেন, কারা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, নিজাম হাজারী ২০০৬ সালের ১ জুন মুক্তি পেয়েছেন। পরে আদালত রায় ঘোষণা মুলতবি করে নিজাম হাজারী কারাগারে থাকা অবস্থায় কতবার রক্তদান করেছেন এবং এ জন্য তিনি কত দিন রেয়াত পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। সে সঙ্গে ৩ নভেম্বর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন আদালত।

আদালতে নিজাম হাজারীর পক্ষে আইনজীবী শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন শুনানিতে অংশ নেন। প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী।

 সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ  শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু ২ বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার থেকে মুক্তি পান।