কারাগারে পরীক্ষা দিল তারা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের বাড়ির সামনে ‘ধানের শীষ’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সেই দুই পরীক্ষার্থী সিরাজগঞ্জ জেলা কারাগারে এইচএসসি (কারিগরি) পরীক্ষা দিয়েছে। আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হয়।আদালত সূত্র জানায়, জেলার কাজীপুর উপজেলায় মোহাম্মদ নাসিমের বাড়ির সামনে ‘ধানের শীষ’ স্লোগান দেওয়ার অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় লালন মিয়া ও আরিফুল ইসলাম নামের ওই দুই পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নাজমুল হকের আদালত। পরে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পরীক্ষার অনুমতি দেওয়া হয়। কাজীপুর বিএম কারিগরি কলেজ পরীক্ষা কেন্দ্রের সচিব মোহাব্বত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামির পরীক্ষা নেওয়ার জন্য গত বুধবার আদালতের নির্দেশ আসে। পুলিশের উপস্থিতিতে জেলা কারাগারে গতকাল ওই দুজনের ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, কারাগারের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করা হয়েছে। মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১৭ এপ্রিল।