কারাগারে পোলাও-পায়েসে বন্দীদের ঈদের ভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী। কেউ সাজা ভোগ করছেন বছরের পর বছর। কারও ফাঁসি কার্যকর হওয়ার পথে। অনেকে আটক রয়েছেন বিচারাধীন মামলায়। ফলে ঈদে প্রিয়জনদের কাছ থেকে দূরে তাঁরা। তবে স্বজনকে কাছে না পাওয়ার কষ্ট ভুলে কারাগারেই মেতে ওঠেন ঈদ আনন্দে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন বন্দীরা। ভিন্ন ধর্মাবলম্বীরাও বাদ যায়নি। এতে বন্দীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। কারাগারে শৃঙ্খলার মধ্যে থাকবে তারা।

কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কারাগারে বন্দী আছে ৫ হাজার ৩৭১ জন। এর মধ্যে ৬২১ জন কয়েদি (সাজাপ্রাপ্ত)। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ৩৭ জন। মুসলিম ছাড়াও অন্য ধর্মাবলম্বী রয়েছেন প্রায় ২১১ জন। ঈদের দিন সকালে বন্দীদের দেওয়া হয় পায়েস ও মুড়ি। ওই দিন কারা অভ্যন্তরে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেন বন্দীরা। কারাগারের যমুনা, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা ভবন থেকে কঠোর নিরাপত্তায় জড়ো হন তাঁরা। কিন্তু আগের দিন সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেএমবির সামরিক কমান্ডার জাবেদ ইকবালসহ ৭৫ জঙ্গি কারাগারে নিজ নিজ কক্ষে ঈদ পালন করেন।

কারাধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, ঈদের নামাজ শেষে বন্দীরা সবাই কোলাকুলি করেন। দুপুরে বন্দীদের খেতে দেওয়া হয় ভাত, আলুর দম ও মাছ। রাতে পোলাও, মাংস, পান-সুপারি ও চমচম বিতরণ করা হয় বন্দীদের মধ্যে। পায়েস, পোলাও খেয়ে পরিবার পরিজন থেকে দূরে থাকা বন্দীরা কিছু সময়ের জন্য ঈদ আনন্দে মেতেছিলেন। ধর্মের ভেদাভেদ ভুলে সবাই মিলে পালন করেছেন ঈদ। অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ ঈদের দিন বন্দীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে গরিব অসহায় বন্দীদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়।

কারাগারে ঈদ আনন্দে মেতেছিল শিশুরাও। অপরাধী না হয়েও মায়ের সঙ্গে তারা কারাগারে বন্দী। ৩৭ জন শিশু যাদের বয়স কয়েক মাস থেকে সাড়ে চার বছর। সব শিশুর মধ্যে নতুন কাপড় বিতরণ করে কারা কর্তৃপক্ষ।

এদিকে ঈদের দিন সকাল থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত কারাগারের সাক্ষাৎ কক্ষে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। খুশির দিনে স্বজনকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টাও অপেক্ষা করেছেন অনেকেই। সারা বছর কারাগারে আটক বন্দীদের বাইরে থেকে খাবার সরবরাহ বন্ধ থাকলেও ঈদ উপলক্ষে পরিবার থেকে আনা খাবার সরবরাহের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

ঈদের এক মাস আগে গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন নগরের হালিশহরের বাসিন্দা আবুল কালাম। তাঁর জন্য খাবার নিয়ে আসেন স্ত্রী রোকসানা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবছর স্বামীকে ঈদের দিন নিজের রান্না করা বিরিয়ানি খাওয়ান। তাই এবারও বিরিয়ানি নিয়ে এসেছেন। স্বামীকে পছন্দের খাবার খাওয়াতে পেরেছেন, এটাই তাঁর ঈদ আনন্দ।