কারাগারে পোশাক তৈরির প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে কারাবন্দীদের জন্য পোশাক তৈরির প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর চত্বরে প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খান, কারা উপমহাপরিদর্শক গোলাম হায়দার, কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির, কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক বলেন, দেশে হাজার হাজার গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে। তাই কারাবন্দীদের মুক্তি-পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে কাশিমপুর কারাগারে পোশাক তৈরির প্রশিক্ষণকেন্দ্র চালু করা হলো। এ প্রশিক্ষণ নিয়ে বন্দীরা ভবিষ্যতে বাইরের কোনো কারখানায় কাজ করে নিজেদের স্বাবলম্বী করতে পারবেন।
বন্দীদের উদ্দেশে তিনি বলেন, বন্দীরা মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিলে এবং কারা কর্মকর্তাদের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন করলে শাস্তি মওকুফ তথা রেয়াদের ব্যবস্থা করা হবে।
কারাবন্দী বিডিআর মামলার আসামি আশরাফুল ইসলাম বলেন, ‘তিন বছর ধরে এ কারাগারে আছি। আমি এখানে থেকে শাড়িতে, ওয়ালমেটে, ওড়না ও থ্রি-পিসে জরিসহ নানা নকশা আঁকা তথা তৈরির কাজ শিখেছি। এসব কাজে আমার মন ভালো থাকে।’
কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, এখানে গার্মেন্ট ছাড়াও ফার্নিচার তৈরি, ঘড়ি, টেলিভিশন মেরামতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।