কারাগারে ফোনে কথা বলার পক্ষে সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে বসে সন্ত্রাসীদের কথা বলার পক্ষে সাফাই গাইলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আশরাফুল ইসলাম খান।গতকাল মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক বলেন, ‘ইরান ও ভারতে কারাবন্দীদের কথা বলার জন্য কারাগারের ভেতরে মোবাইল বুথ খোলা হয়েছে। আর আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা মোবাইল মোবাইল বলে চিৎকার করছেন।’ কারা অধিদপ্তর ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সহায়তায় মুক্তি পাওয়া বন্দীদের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী শফিক আহমেদ, প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।মহাপরিদর্শক দাবি করেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২২টিসহ বিভিন্ন কারাগারে মুঠোফোন তরঙ্গ প্রতিরোধক যন্ত্র (ফ্রিকোয়েন্সি জ্যামার) বসানো আছে। সেখানে বন্দীদের মুঠোফোনে কথা বলার সুযোগ নেই। কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী পরিবারের সঙ্গে বন্দীদের একান্তে কথা বলার সুযোগ করে দেয়। তখন কারারক্ষী ও অন্যান্য সংস্থার লোকজন এমন দূরত্বে থাকেন, যাতে ওই বন্দীর ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে। আর বন্দীকে যখন আদালতে নেওয়া হয়, তখন একটু শিথিল অবস্থা থাকে। তখন এমনিতে কথাবার্তা হতে পারে। তবে মুঠোফোনে কোনো কথা হয় না।মহাপরিদর্শক বলেন, ‘আমার মাঝেমধ্যে মনে হয়, এই অভিযোগগুলো পরিকল্পিত কি না।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি কোনো বন্দীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেন, তবে সেই বন্দীকে অবশ্যই বিধি অনুযায়ী শাস্তি পেতে হবে।’অথচ ৯ আগস্ট কারাবন্দী সন্ত্রাসী আব্বাস ওরফে কিলার আব্বাসের সঙ্গে আরেক সন্ত্রাসী হাতকাটা মাসুদের আংশিক কথোপকথনসহ সংবাদ প্রকাশিত হয়। র‌্যাব ওই কথোপকথনটি রেকর্ড করেছে। আর কারাবন্দী সন্ত্রাসী রনি ২০১১ সালের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসে এক লাখ ৪৭ হাজার সেকেন্ড (৪০ ঘণ্টা) মুঠোফোনে কথা বলেছেন। মুঠোফোনে চাঁদাবাজি ও অপরাধী চক্র নিয়ন্ত্রণের এই সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে।মহাপরিদর্শক বলেন, তিন বছর আগে দেশের কারাগারগুলোতে মোট বন্দী ছিল ৮৪ হাজার। এই তিন বছরে কারাবিধি অনুযায়ী ভালো আচরণের জন্য প্রায় ১৭ হাজার বন্দীকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, নাটোর কারাগারে বন্দীদের খাদ্যকে কেন্দ্র করে দুর্নীতি চলছে। তবে দিনাজপুর কারাগারের প্রশংসা করে তিনি বলেন, ‘দিনাজপুর কারাগারে আমি নিজে গিয়ে বন্দীদের সঙ্গে ক্রিকেট, হ্যান্ডবল খেলেছি। তাদের সঙ্গে খেয়েছি।’ আইনমন্ত্রী বলেন, দেশের কারাগারগুলোতে বিচারাধীন বন্দী প্রায় ৬০ শতাংশ। ছোট অপরাধগুলো আদালতের বাইরে নিষ্পত্তির জন্য আইনের পরিবর্তন করা হচ্ছে। তাহলে বিচারাধীন বন্দীর চাপ কমবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কারাবন্দীদের বিভিন্নভাবে প্রশিক্ষিত করার ব্যবস্থা করবে, যাতে তারা কারাগার থেকে বেরিয়ে সৎ পথে জীবিকা নির্বাহ করতে পারে। ওই অনুষ্ঠানে কয়েকজন কারামুক্ত ব্যক্তিকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।