কারাগারে বড় হচ্ছে শিশু, ক্ষোভ মিজানুরের

রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে প্রাপ্তবয়স্ক অপরাধীদের সঙ্গে শিশুদের দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। আজ সোমবার তিনি এ ব্যাপারে বিচারিক হাকিমদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনেন।
কারাগার পরিদর্শন শেষে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, কারাগারটি ব্রিটিশ আমলে তৈরি। এর হয়তো উন্নয়নের প্রয়োজন রয়েছে। ফুলবাগান ও পরিচ্ছন্নতার বিষয়টি হয়তো সন্তোষজনক রয়েছে। তবে যে জিনিসটি চোখে সবচেয়ে বেশি লেগেছে তা হচ্ছে, কারাগারের ভেতরেই শিশুর জন্ম হচ্ছে। প্রথম দিন থেকেই শিশুটি কারাগারেই বড় হচ্ছে। এই কারাগারে বেশ কয়েকজন শিশু রয়েছে। তাদের সম্পূর্ণ পৃথিবী বলতে, বিশ্ব বলতে, এই কারাগারের ভেতরের জায়গাটুকুই।
ক্ষোভ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সভ্য রাষ্ট্র, কখনোই শিশুদের এই রকম একটি পরিবেশে রাখতে পারে না। এ জন্য বিকল্প চিন্তা করতে হবে। শিশু অধিকারের প্রতি যদি আমাদের অঙ্গীকার থাকে, তাহলে তার বাস্তবায়ন ঘটাতে হবে।’
মিজানুর রহমান শিশুদের কারাগারে পাঠানোর ক্ষেত্রে বিচারিক হাকিমদের দায়িত্বে অবহেলার অভিযোগ করে বলেন, ‘শিশু অপরাধী হলে সামান্য বাড়তি দায়িত্ব পালন করতে হয়। তাই বলে কীভাবে একজন হাকিম তাদের বয়স ১৮ এর ওপরে উল্লেখ করে কারাগারে সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে প্রেরণ করেছেন, এটা আমার বোধগম্য নয়।’
মিজানুর রহমান আরও বলেন, ১৮ বছর পর্যন্ত সব শিশুকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা। বিচারিক হাকিমেরা কাগজপত্রে বয়স উল্লেখ করছেন ১৮ এর ওপরে। তিনি বলেন, ‘কারাগারে কয়েকজনকে চিহ্নিত করলাম যাদের বয়স ১৪ এর বেশি নয়। চিকিত্সকেরাও বলছেন, এদের বয়স ১৪ বছরের বেশি না। একজন শিশুকে বয়স বাড়িয়ে কারাগারে পাঠানো কোনো ক্রমেই একটি সভ্য সমাজ বা রাষ্ট্রের গ্রহণ করা উচিত না।’ শিশু অপরাধীদের সঠিক বয়স যাচাই করার জন্য তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং বিচারিক হাকিমদের এ ব্যাপারে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।