কারাগারে বসছে নতুন স্ক্যানার, সব দেখা যাবে
দেশের কারাগারগুলোতে মাদক সেবন ও কেনাবেচা ঠেকাতে বিশেষ ধরনের স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কারা প্রশাসন। উন্নত প্রযুক্তির এ স্ক্যানারে মানবদেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের দৃশ্য ফুটে উঠবে। শরীরের ভেতরে বা বাইরে কোনো কিছু লুকিয়ে রাখলে তাও দেখা যাবে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
এ বছরের ২৩-২৯ ডিসেম্বর ছিল কারা সপ্তাহ, ২০১৪। এ সময় কারা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। আবার আগামী দিনে কারাগারের উন্নয়নের জন্য আর কী করা হবে, সে ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। এসব অগ্রগতি ও পরিকল্পনার কথা জানাতে গতকাল বকশীবাজারের কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলন ডাকে কারা প্রশাসন। এতে মহাপরিদর্শক ছাড়াও বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাপরিদর্শক বলেন, দেশের কারাগারগুলোতে বন্দী ধারণক্ষমতার চেয়ে সব সময় দ্বিগুণ বন্দী থাকে। গত মঙ্গলবার ৬৮টি কারাগারে বন্দী ছিল ৬৭ হাজার ১৯৯ জন। অথচ প্রকৃত ধারণক্ষমতা ৩৪ হাজার ১৬৭ জনের। বন্দীর পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, মোট বন্দীর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী আছে ১৯ হাজার ৭৪৯, বিচারাধীন ৪৬ হাজার ১৬৬, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ১ হাজার ৯৫ জন। সব কারাগারে মাদকাসক্ত বন্দী আছে ৬ হাজার ১৯২ জন, মানসিক রোগী আছেন ৪৩৫, এ ছাড়া মায়ের সঙ্গে শিশু আছে ২৮৬টি।
ইফতেখার উদ্দীন বলেন, বর্তমান কারাগারের জমিতে পুরান ঢাকাবাসীর জন্য সিনেপ্লেক্স, সুইমিংপুল, খাবার দোকান, কনভেনশন সেন্টার ও বহুতল পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। কিছু জমিতে কারা কর্মচারীদের কল্যাণকেন্দ্র নির্মাণ করা হবে।
কারা কর্মচারীদের অপরাধে জড়িয়ে পড়ার ব্যাপারে মহাপরিদর্শক বলেন, কারা কর্মচারীদের অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ মিথ্যা নয়। তবে কারা প্রশাসন কাউকে ছাড় দেয় না। অভিযোগ প্রমাণিত হলেও সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।