কারাগারে বসে হোসেনি দালানে হামলার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশিমপুর কারাগারে বসে হোসেনি দালানে গ্রেনেড হামলার পরিকল্পনা হয় বলে আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিবি জানায়, হোসেনি দালানে হামলার প্রধান সমন্বয়কারী মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানী ওরফে আবদুল্লাহ বাকী ওরফে রেজাউল ওরফে হুজ্জা ওরফে মেম্বর গত বুধবার গভীর রাতে রাজধানীর গাবতলী এলাকায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশ ওই হামলা চালায়। নিহত আলবানী জেএমবির ওই অংশটির সামরিক প্রধান। জামায়াত-শিবির থেকে আসা একদল নতুন সদস্য জেএমবির ওই অংশটির অর্থ জোগান দিয়ে আসছে। ওই অংশটিই ৪ নভেম্বর আশুলিয়ায় একটি তল্লাশিচৌকিতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এরাই গত এপ্রিল মাসে আশুলিয়ার কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল। রংপুরে কুপিয়ে মাজারের খাদেমকে হত্যা এবং সৈয়দপুরে ইমামবাড়ার খাদেমকে জখম করার সঙ্গেও এই অংশটির সদস্যরা জড়িত।
গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে হোসেনি দালানে হামলাসহ কয়েকটি ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো চান মিয়া, মো. ওমর ফারুক ওরফে মানিক, মো. শাহজালাল, হাফেজ কারি আহসানউল্লাহ মাহমুদ ও মো. কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক। এদের মধ্যে আশিক সরাসরি হোসেনি দালানে হামলায় অংশ নেয়।
গত ২৩ অক্টোবর গভীর রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনি দালানে হাতে তৈরি গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে দুজন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়। ওই গ্রেনেড হামলার আগের রাতে রাজধানীর গাবতলীতে এক ব্যক্তির ব্যাগ তল্লাশির সময় ছুরিকাঘাতে নিহত হন দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লা। ওই ঘটনাস্থল থেকেই পুলিশ মাসুদ রানা নামে এক তরুণকে গ্রেপ্তার করে। মাসুদ রানার কাছ থেকে তথ্য নিয়ে ২৩ অক্টোবর ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি মেসে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাঁচটি হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়। সেই একই রকম গ্রেনেড দিয়ে ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে হামলা চালানো হয় বলে জানিয়েছে ডিবি।
কামরাঙ্গীরচর থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় ১৭ নভেম্বর ডিবির পরিদর্শক শফিউদ্দিন শেখ আদালতে এক প্রতিবেদন দেন। সেখানে বলা হয়, বোমা হামলার মূল পরিকল্পনকারী জেএমবি নেতা নোমান ওরফে আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন, আবুল কালাম আজাদ ও নুরুজ্জামান। এঁদের মধ্যে আবুল কালাম ও নুরুজ্জামান কাশিমপুর কারাগারে বন্দী। গত বছর সিরাজগঞ্জে রেলওয়ে পুলিশের হাতে বিস্ফোরকসহ গ্রেপ্তার হয়ে তাঁরা কারাগারে আছেন। নোমান পলাতক। কারাগারে বসেই ওই দুই জঙ্গিনেতা হামলার পরিকল্পনা করেন। তাঁদের পরিকল্পনা ও নির্দেশ মোতাবেক মাসুদ রানা ও তার অন্যান্য সহযোগী হোসেনি দালানের আশপাশে ঘর ভাড়া নেয়। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভাড়া বাসায় পাঁচটি করে গ্রেনেড হামলার জন্য সংগ্রহে রাখা হয়।
হোসেনি দালানে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৮ নভেম্বর আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার হওয়া মাসুদ রানা। ওই জবানবন্দিতে মাসুদ রানা জানান, গত ১০ অক্টোবর তাঁদের এক সভায় মাসুদ রানাসহ রফিক, মুসয়াব, রাশেদ, আবু সাঈদ, হুজ্জা, নোমান ও সজীব অংশ নেন। ওই সভায় আশুরার দিন দুটি গ্রুপে ভাগ হয়ে হোসেনি দালানে হামলার চূড়ান্ত পরিকল্পনা হয়। কথা ছিল মাসুদ, সজীব, মুসয়াব, রফিক ও রাশেদ বিভিন্ন দিক থেকে গ্রেনেড হামলা করবে। বোমার আঘাতে মানুষজন যখন এদিক-ওদিক ছোটাছুটি করবে, তখন মাসুদসহ কয়েকজন চাকু দিয়ে তাদের আঘাত করবে। সাঈদ ও কামাল ওরফে হিরন পুরো ঘটনার ভিডিও ধারণ করবে। গত ১৬ অক্টোবর মাসুদ, সজীব, রফিক, রাশেদ, হিরন ও আবু সাঈদ সকাল থেকে দুপুর পর্যন্ত হোসেনি দালান ও আশপাশের এলাকা রেকি করে। তিনি জবানবন্দিতে আরও বলেন, ২২ অক্টোবর সন্ধ্যার দিকে মাসুদ, হিরন ও সজীব বাসে গাজীপুর থেকে গাবতলী আসে। রাত সোয়া আটটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডে নেমে কামরাঙ্গীরচরে যাওয়ার জন্য তারা বেড়িবাঁধের দিকে হাঁটতে থাকলে পুলিশ থামতে বলে। মাসুদ দৌড় দিলে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। সজীব আগেই হেঁটে পুলিশের নাগালের বাইরে চলে যায়। হিরন ওরফে কামালকে পুলিশ প্রথমে ব্যাগ দেখে সন্দেহ করে। তখন হিরন একজন পুলিশের সঙ্গে সাইডে গিয়ে কথা বলে। হিরনই ছোরা দিয়ে এএসআই ইব্রাহিমকে আঘাত করে পালিয়ে যায়।
এদিকে গতকাল সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, এএসআই হত্যা ছিল জঙ্গিদের পরিকল্পনার বাইরে। সেখানে মাসুদের ধরা পড়ায় ক্ষুব্ধ হয়ে দলটির নেতা মাহফুজ ওরফে হোজ্জা ক্ষিপ্ত হন। এরপর তিনিই হোসেনি দালানে হামলার নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। কবির হোসেন ওরফে আশিকসহ চারজনকে নিয়ে হোসেনি দালানে হামলা চালাতে যান মাহফুজ। হোসেনি দালানের ভেতরের গোরস্থান থেকে পরপর পাঁচটি গ্রেনেড ছুড়ে জনতার ভিড়ে মিশে গিয়ে পুকুর পাড়ের পাশ দিয়ে পেছনের ফটক দিয়ে বের হয়ে যান মাহফুজ।
মনিরুল ইসলাম বলেন, জেএমবির একটি অংশ মৃত্যুদণ্ড পাওয়া নেতা শায়খ আবদুর রহমানের অনুসারী ছিল। ওই অংশটি কখনো জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমান বা তাঁর ছেলেদের নেতৃত্ব মেনে নেয়নি। সেই অংশটিই চলতি বছরের শুরু থেকে সংগঠিত হতে থাকে। অর্থ জোগাড়ের জন্য তারা এপ্রিলে আশুলিয়ার কমার্স ব্যাংকে ডাকাতির চেষ্টা করে। কিন্তু তাদের ওই চেষ্টা ব্যর্থ হয় এবং পরবর্তী সময়ে বেশ কয়েকজন সদস্য পুলিশের হাতে ধরা পড়ে। তখনই দলটি প্রায় ভেঙে পড়েছিল। সে সময়ই অর্থের সরবরাহ নিয়ে সংগঠনে যোগ দেন জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মী। সেই টাকা দিয়ে তারা কিছু ক্ষুদ্রাস্ত্র ও মোটরসাইকেল সংগ্রহ করে। তাদের একটি মাইক্রোবাসও রয়েছে। নতুন করে সংগঠিত জেএমবির ওই অংশটিতে অন্তত ২৫ শতাংশ জামায়াত-শিবিরের কর্মী। তিনি বলেন, এঁদের মধ্যে নিহত আলবানী ও গ্রেপ্তার আশিক জেএমবির আত্মঘাতী দলের সদস্য।
জঙ্গি গ্রেপ্তার অভিযানের নেতৃত্বদানকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুই-তিন বছর ধরেই গোপনে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। চলতি বছরে হামলা চালিয়েছে। তাদের একজন মারা গেলে বা গ্রেপ্তার হলে পরবর্তী নেতা কে হবে, সে বিষয়টিও ঠিক করা আছে। তবে তাদের নেটওয়ার্কের অনেক তথ্য জানা গেছে। এখন লেগে থাকতে পারলেই তাদের ধরা সম্ভব।