কারাগারে বসেই আ.লীগ নেতাকে হত্যার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জেরে কারাগারে বসেই খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদকে হত্যার পরিকল্পনা করেন সাবেক ছাত্রলীগ নেতা এবং স্থানীয় মাদক ব্যবসায়ী পলাশ। এ পরিকল্পনায় তাঁর সঙ্গে যুক্ত হন অমিত নামের আরেকজন।

গত সোমবার পলাশের স্ত্রী সাকিয়া ইসলাম জুঁই আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এসব তথ্য দেন। রোববার রাতে তাঁকে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় অবস্থিত তাঁর বাবার বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যা পরিকল্পনার কথা জানতেন এবং স্বামী সম্পৃক্ত আছেন বলে জানান। এরপর আদালতে জবানবন্দি দেন। মহানগর হাকিম মো. আমিরুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সাকিয়া বলেন, জেলগেটে সাক্ষাতের সময় পলাশ তাঁকে নাঈম নামে একজনের কাছে ২০ হাজার টাকা দিতে বলেন। পরে সাকিয়া জানতে পেরেছিলেন ওই টাকা দেওয়া হয় হত্যা পরিকল্পনা বাস্তবায়নে। পলাশ ২০১৬ সালের ৯ এপ্রিল অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কারাগারে আছেন।

গত ৩১ ডিসেম্বর খুলনা নগরের ইসলামপুর রোডের দোলখোলার মোড় এলাকায় অবস্থিত শীতলাবাড়ী মন্দিরের সামনে জেড এ মাহমুদকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিপ্রা কুণ্ডু (৫০) নামের এক পথচারী নারী নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতে সদর থানায় মামলা করেন পূর্ব বানিয়া খামার এলাকার ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তি। ঘটনার সময় ইব্রাহিমের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন মাহমুদ। মামলার রাতেই কারেন্ট বাবু নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কারেন্ট বাবু হত্যার পরিকল্পনায় অংশ নেওয়া জড়িত ব্যক্তিদের নাম বলেন। কিলিং মিশনে অংশ নেওয়া তিনজন ভারতে পালিয়ে গেছেন। আর ভারতে পালিয়ে যেতে সাহায্য করেন হাফিজুর ও সেলিম নামের দুজন। এই দুজন ১১ জানুয়ারি আদালতের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনায় অংশ নেওয়া মিরাজ নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মিরাজ পরিকল্পনায় অংশ নেওয়া সবার নাম বলেছেন। ওই সূত্র ধরেই পলাশের স্ত্রী সাকিয়া ইসলামকে গ্রেপ্তার করা হয়।