কারাগারে বিএনপি নেতা এ্যানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে করা নয়টি মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
গতকাল সকালে ঢাকার মহানগর হাকিম আদালতে রাজধানীর পল্টন থানার সাতটি, মতিঝিল থানার একটি ও সূত্রাপুর থানার একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী। বিকেলে পল্টন ও মতিঝিল থানার মামলাগুলোতে শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর জামিনের আবেদন নাকচ করেন। সূত্রাপুর থানার মামলায় জামিনের আবেদন নাকচ করেন ইউনুস খান।
আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদীন প্রমুখ।
২০১৫ সালে নাশকতার অভিযোগে পল্টন থানায় সাতটি ও মতিঝিল থানায় একটি মামলা করা হয়। ২০১৩ সালে নাশকতার অভিযোগে অপর একটি মামলা করা হয় সূত্রাপুর থানায়।
লক্ষ্মীপুরে বিক্ষোভ : লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল বিকেলে লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।