কারাগারে মানবেতর জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সংশোধনাগারে (কারাগার) ৩০০ বাংলাদেশি বন্দী মানবেতর জীবন যাপন করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বালুরঘাট সংশোধনাগারে ২৯৯ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে শতাধিক বন্দীর সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। বিনা পাসপোর্টে প্রবেশের অপরাধে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। গত ২৩ মার্চ শিশুসহ ১৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা মিঠুন, পাচু ও রাজু জানান, ২০০৯ সালের ৩ এপ্রিল তাঁরা চার বন্ধু বিনা পাসপোর্টে ভারতে যান। আদালত ওই বছরের জুন মাসে তাঁদের এক বছর করে সাজা দেন। তাঁদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরও তাঁরা এক বছর ধ্রের জেলে রয়েছেন। সম্প্রতি তিনজন মুক্তি পেলেও অপর বন্ধু রনি জেলে আটক রয়েছেন।রাজশাহীর এনজিও অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘একেকজনের সাজার মেয়াদ এক থেকে চার বছর আগে শেষ হলেও তাঁদের বাংলাদেশে না পাঠিয়ে কারাগারে রাখা হয়। আমাদের সংস্থার পক্ষ থেকে ওই বন্দীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করি। পরে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু সরকার এককভাবে কোনো উদ্যোগ নেয় না। ভারতে বাংলাদেশি বন্দীদের ওপর শারীরিক ও মানুষিক নির্যাতন করা হয়। এমনকি যৌন হয়রানি করারও অভিযোগ আছে।’ বালুরঘাট সংশোধনাগারের (কারাগার) জেল সুপার সৌভিক সরকার বলেন, তাঁরা সবাইকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন। দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তির ফলে তাঁদের সাজার মেয়াদ শেষে বাংলাদেশে হস্তান্তর করা হয়। তবে বাংলাদেশি বন্দীদের কোনো শারীরিক বা মানুষিক হয়রানি করা হয় না। যৌন হয়রানির অভিযোগও সত্য নয়।