কারাগারে যাওয়ার কথা শুনে চাকরিচ্যুত পুলিশ অজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে পাঠানোর আদেশ শুনে আদালতে অজ্ঞান হয়ে পড়েছেন পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল নুরুল ইসলাম।

আজ মঙ্গলবার চট্টগ্রামে মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ২৬ জানুয়ারি নগরের সিনেমা প্যালেস এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় আটক হন নগরের দামপাড়া পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল নুরুল ইসলাম। পরে তাঁকে চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ খবর শুনেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিত্সা দেওয়া হলে সুস্থ হন নুরুল ইসলাম। এরপর বিকেলে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।