কারাগারে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে জামিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গতকাল বুধবার সন্ধ্যায় উপস্থিত হয়ে বিএনপি-জামায়াতের ২২০ নেতা-কর্মীর জামিন করালেন মামলার বাদী যুবলীগের নেতা। এর দেড় ঘণ্টা আগে বিকেল পাঁচটার দিকে ওই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন বিচারক।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল দুপুরে বিএনপি-জামায়াতের ২৭৭ জন নেতা-কর্মী মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে বিচারক মো. আহসান হাবিব ৫৭ জনের জামিন মঞ্জুর করেন এবং ২২০ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেল পাঁচটার দিকে বিচারক এজলাস ত্যাগ করেন। সন্ধ্যা ছয়টার দিকে তিনি আবার এজলাসে ওঠেন।
এ সময় মামলার বাদী উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক মাতুব্বর আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন চান। এরপর সাড়ে ছয়টার দিকে আদালত আসামিদের জামিন দেন।
এজলাসকক্ষে উপস্থিত এক আইনজীবী জানান, বিকেল পাঁচটার দিকে আদালতের বিচারিক কার্যক্রম শেষে বিচারক এজলাসকক্ষ ত্যাগ করেন। সন্ধ্যার পর আসামিপক্ষের আইনজীবী বিচারকের কাছে জামিনের অনুরোধ জানালে তিনি আবার এজলাসে বসেন। এরপর মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন দিলে তাঁর কোনো আপত্তি নেই জানালে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘মামলার বাদী যুবলীগের নেতা দলের সিদ্ধান্ত ছাড়া বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করায় আমাদের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে এই কাজ করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজিজুল হক মাতুব্বরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
গত গত ৯ ডিসেম্বর জামায়াতের ডাকে হরতাল চলাকালে শহরের তুলখালী সড়কের পৌর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় রাতে আজিজুল হক বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনকে প্রধান আসামি করে ৪০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ৮০০ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন।