কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
লালমনিরহাট জেলা কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবুল কাশেম (৭৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামে।
লালমনিরহাট জেলা কারাগারের নার্সিং অফিসার খন্দকার সানোয়ার বলেন, আবুল কাশেম শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসকেরা বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগ বলেন, স্ত্রী কুলসুম বেগমকে হত্যা মামলায় ১৯৯৮ সালে আবুল কাশেমের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই কয়েদি বৃদ্ধ ওয়ার্ডের ইনচার্জ ছিলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার বিকেলে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।