কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামিসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার রাতে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিসহ দুই বন্দীর মৃত্যু হয়েছে।

দুই বন্দী হলেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি কক্সবাজারের মহেশখালী থানা এলাকার মো. জিন্নাত আলী ওরফে জিন্নত (৬৫) ও চট্টগ্রামে স্ত্রী খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল গফুর (৪৫)। তাঁরা দুজনই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

কারাসূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে বুকে ব্যথা হলে জিন্নত আলীকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পাঁচ মাস ধরে ওই কারাগারে বন্দী ছিলেন। তিনি যুদ্ধাপরাধ মামলার আসামি। আদালতে তাঁর মামলা এখনো বিচারাধীন।

আবদুল গফুর গতকাল বিকেলে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রী খুনের মামলায় গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকেই তিনি ওই কারাগারে বন্দী ছিলেন। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আবদুস সালাম সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান বলেন, কারাগারের প্রক্রিয়া শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।