কারাগারে যুবলীগ কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে কারা হেফাজতে যুবলীগ কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার এলাকাবাসী সদর উপজেলার মুক্তারপুর এলাকায় বিক্ষোভ করেছেন। পুলিশের নির্যাতনে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
ওই যুবলীগ কর্মীর নাম আবদুল করিম (৩২)। তাঁর বাড়ি আদারিয়তলা গ্রামে। তিনি পঞ্চসার ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
আবদুল করিমের স্ত্রী ময়না বেগম বলেন, টাকাপয়সা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী শাহীন ১০ জুলাই করিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। ওই দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে ব্যাপক নির্যাতন করে। নির্যাতনে করিমের বুকের হাড় ভেঙে যায়। প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে পরদিন পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
এর প্রতিবাদে এলাকাবাসী ও যুবলীগের কর্মীরা গতকাল বিকেলে মুক্তারপুরে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা করিম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
মুন্সিগঞ্জ কারাগারের জেলার ফরিদুর রহমান বলেন, পুলিশ ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় কারাগারে দিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি ইউনুচ ভূঁইয়া বলেন, করিম কারাগারে হঠাৎ বুকব্যথা বলে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদনে সব প্রমাণ পাওয়া যাবে।