কারাগারে রনি-সাকা-নিজামী-সাঈদীর ঈদ
গাজীপুরের কাশিমপুর কারাগারে ঈদ করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, মো. শফিকুর রহমান, এ কে এম ইউসুফ, আবদুস সুবহান, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী।
এ ছাড়াও আছেন ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, জামায়াত নেতা মীর কাশেম আলী, জেএমবির সদস্য সালাহ উদ্দিন সালেহী প্রমুখ।
কারাধ্যক্ষ মো. নেছার আলম প্রথম আলো ডটকমকে জানান, কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ এবার ভিআইপি বন্দী ৮৮৪ জন। তাঁদের মধ্যে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, জেএমবি সদস্য সালাহ উদ্দিন সালেহীসহ ৭৩ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। প্রতি কারাগারেই একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বন্দীদের বিশেষ খাবার দেওয়া হয়েছে।
কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস জানান, ওই কারাগারে জামায়াতের নেতা কামারুজ্জামানসহ ৮৬ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও এক হাজার ৭৩৩ জন বন্দী রয়েছেন।
কাশিমপুরের হাইসিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক মো. আবদুর রাজ্জাক জানান, তাঁর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামি বিএনপির নেতা মো. নাসির উদ্দিন আহমেদ পিন্টু ছাড়াও ভারতের উলফা নেতা অনুপ চেটিয়া ও লক্ষ্মীপ্রসাদ বন্দী রয়েছেন। ওই কারাগারে এক হাজার ৩৩৫জন বন্দী ও তাঁদের মধ্যে ৫০০-র মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।
কাশিমপুর মহিলা কারাগারে ২১৯ জন নারী বন্দী ও তাঁদের ১২ জন শিশু ঈদ করছে। কারাধ্যক্ষ আমজাদ হোসেন জানান, ওই কারাগারে নয়জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন।