কারাগারে রনির সঙ্গে স্ত্রী-সন্তানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি

ক্ষমতাসীন দলের সাংসদ গোলাম মাওলা রনির সঙ্গে তাঁর স্ত্রী কামরুন্নাহার রুনি আজ শুক্রবার দুপুরে দেখা করেছেন। এ সময় ছেলে রিয়াদ ও মেয়ে নন্দিনী তাঁর সঙ্গে ছিল। তাঁরা রনিকে কিছু কাপড়-চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন।কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ প্রথম আলো ডটকমকে জানান, সাংবাদিক পেটানো ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গোলাম মাওলাকে গতকাল রাতে গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) পাঠানো হয়। তাঁকে কারাগারের ভিআইপি বন্দীশালা সুরমা ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছে। সেখানে তিনি সেহরি খেয়ে রোজা রাখছেন। কারাগারে তাঁকে বেশ চুপচাপ থাকতে দেখা গেছে। তবে কারাগারে নামাজ আদায় করে ও পত্রিকা পড়েই দিন কাটছে তাঁর।

ওই ভবনে   ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, জামায়াতের নেতা মীর কাশেম আলী বন্দী রয়েছেন।সাংবাদিক পেটানোর মামলায় গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন গোলাম মাওলা।

 ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পটুয়াখালী-৩ আসনের ওই সাংসদকে গ্রেপ্তার করে। এর আগে গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন তিনি।