কারাগারে শপথ নিলেন মেয়র ও দুই কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দী অবস্থায় শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম এবং দুই মহিলা কাউন্সিলর (সংরক্ষিত) আনোয়ারা বেগম ও সাকেরা খাতুন। আজ শনিবার সকালে রাজশাহীর বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মুনির হোসেন তাঁদের শপথ বাক্য পাঠ করান। 

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ তৌফিকুল ইসলাম শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
হত্যাসহ ১৮ মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আমির নজরুল ইসলাম গত ১৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশ বাদী হয়ে করা নাশকতার মামলায় ১২ জানুয়ারি রাতে ৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাকেরা খাতুন এবং ১৪ জানুয়ারি শপথ গ্রহণ করতে যাওয়ার সময় রাজশাহী শিল্পকলা একাডেমির সামনে থেকে ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়।
তিনটি পৃথক রিটের পরিপ্রেক্ষিতে একাধিক মামলায় হাজতে আটক এই তিনজনকে ৪৮ ঘণ্টার মধ্যে শপথ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে নির্দেশ পাওয়ার পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।