কারাগারে সন্ত্রাসী অমিত খুন: বন্দী রিপন ৫ দিন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিত মুহুরি।
অমিত মুহুরি।

কারাগারের ভেতর চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরীকে কী কারণে, কেন, কার নির্দেশে খুন করা হয়েছে, জানতে চায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার শুনানি শেষে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ আসামি রিপনের রিমান্ড মঞ্জুর করেন।

আদেশে বিচারক আসামি রিপন নাথকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই আদালতে বন্দী রিপনকে অমিত হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো হয়।

রিপন নাথ নামে এক বন্দীর ইটের আঘাতে গুরুতর আহত হয়ে গত ২৯ মে রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরীর মৃত্যু হয়। চট্টগ্রাম কারাগারের ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে থাকতেন তাঁরা। এই ঘটনায় চট্টগ্রাম কারাগারের জেলার নাশির আহমেদ বাদী হয়ে পরদিন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

এতে বন্দী রিপন নাথকে আসামি করা হয়। ঘটনার পর থেকে অমিতের বাবা অভিযোগ করছেন, চট্টগ্রামের এক নেতা টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে কারাগারে খুন করিয়েছেন। ঘটনার তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবিরকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি কারা অধিদপ্তর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। বাকি দুই সদস্য হলেন চট্টগ্রাম রেঞ্জের উপ-কারা মহাপরিদর্শক ফজলুল হক ও নোয়াখালী কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মনির হোসেন। কমিটির তদন্তকাজ অব্যাহত আছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কারাবন্দী রিপনকে আরেক বন্দী অমিত মুহুরী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান। এরপর ডিবি পুলিশের পক্ষ থেকে আদালতে রিপনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এতে বলা হয়, হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন, কেন, কী কারণে খুন, হত্যার জন্য কেন হাজতখানাকে বেছে নেওয়া হলো, হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট কীভাবে কারাগারের সেলে এল, কেন, কার নির্দেশনায় রিপনকে ঘটনার দিন বিকেলে অমিতের কক্ষে আনা হলো? শুনানি শেষে আদালত আসামি রিপনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ বেলা ১১টার দিকে রিপনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে রিপনের কাছে প্রথম আলোর পক্ষ থেকে খুন করা কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘খুন করেছি।’কেন প্রশ্নের জবাবে ‘বলব না। কিছু ভালো লাগে না’ বলতে থাকেন। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করেও কিছু বলতে রাজি হননি রিপন।

মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ বলেন, আদালতের আদেশটি হাতে পাওয়ার পর আসামি রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।