কারাগারে সাংসদ মন্জুরুল

শিশু শাহাদাত হোসেন ওরফে সৌরভকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলাম লিটনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গাইবান্ধার অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ। সাংসদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে আদালতসংলগ্ন এলাকায় সাংসদের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা করেন তাঁর সমর্থকেরা। পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ উপজেলার বাড়ির কাছের সড়কে হাঁটতে বের হয় শিশু শাহাদাত। তখন সে সাংসদ মন্জুরুলের ছোড়া গুলিতে আহত হয় বলে অভিযোগ ওঠে। এতে সুন্দরগঞ্জে ব্যাপক ক্ষোভের পাশাপাশি দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। শাহাদাতের বাবা সাজু মিয়া হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে সাংসদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। পরে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হাফিজার রহমান মণ্ডল নামের একজন সাংসদ ও তাঁর কয়েকজন সমর্থকের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন।
কয়েক দিন অজ্ঞাত অবস্থানে থাকার পর গত সোমবার উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন চান সাংসদ মন্জুরুল। আদালত তা নাকচ করে দিয়ে তাঁকে গাইবান্ধার আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বুধবার রাতে উত্তরার এক বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই সাংসদকে নিয়ে গাইবান্ধার উদ্দেশে রওনা দেয় পুলিশ।
>সাংসদের পক্ষে বিক্ষোভ * এখনো উৎকণ্ঠায় শিশু শাহাদাতের পরিবার
গতকাল সকাল পৌনে ছয়টার দিকে সাংসদকে নিয়ে পুলিশ গাইবান্ধায় পৌঁছে। একটি পুলিশ ভ্যানের পেছনে মাইক্রোবাসে সাংসদকে নিয়ে ছিল পুলিশ। পেছনে ছিল সাংসদের সেই পাজেরো গাড়ি, যেখানে বসে তিনি শিশু শাহাদাতকে গুলি করেছিলেন বলে অভিযোগ। ওই গাড়িতে ছিলেন সাংসদের স্ত্রী গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান। সাংসদকে প্রথমে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দুপুর পৌনে ১২টার দিকে কড়া নিরাপত্তায় তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।
আদালত ও পুলিশ সূত্র জানায়, শিশুকে গুলি করা ছাড়াও আরেক ব্যক্তির করা মামলায়ও সাংসদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সাংসদের পক্ষে শতাধিক আইনজীবী অংশ নিয়ে দুই মামলায় জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক এনামুল হক। তিনি আদালতকে বলেন, মামলার এজাহারে যে অভিযোগ আনা হয়েছে, তা জামিনের অযোগ্য। সাংসদের পক্ষে অন্যতম আইনজীবী সিরাজুল ইসলাম আদালতকে বলেন, ‘সাংসদ ষড়যন্ত্রের শিকার। সাংসদ একটি শিশুকে কেন গুলি করবেন, তাঁর সঙ্গে ওই শিশু বা তার পরিবারের কোনো শত্রুতা নেই। তাই হত্যাচেষ্টার প্রশ্নই ওঠে না। আর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গেও সাংসদের সংশ্লিষ্টতা নেই। তাই আসামি জামিন পাওয়ার যোগ্য।’
প্রায় পৌনে এক ঘণ্টা ধরে উভয় পক্ষে যুক্তিতর্ক চলে। এ সময় সাংসদ মন্জুরুল কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। শুনানি শেষে বিচারক ময়নুল হাসান ইউসুফ জামিন আবেদন নামঞ্জুর করে সাংসদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সাংসদকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করেনি। এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজন মনে করিনি বলে রিমান্ডের আবেদন করা হয়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্যাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা সাংসদকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করেছি, সাংসদ গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। এই খবরে এলাকার মানুষ আনন্দ-উল্লাস করছে। আমরাও আনন্দিত। এখন দরকার শিশুটি যেন ন্যায্য বিচার পায়।’

সমর্থকদের বিক্ষোভ: সাংসদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে আদালতসংলগ্ন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সাংসদের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখনো আতঙ্কে পরিবার: আমাদের রংপুর প্রতিনিধি জানান, সাংসদকে গ্রেপ্তার করায় শিশু শাহাদাতের পরিবার আনন্দিত হলেও এখনো তাদের আতঙ্ক কাটেনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহাদাতের সঙ্গে আছে তার পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকে বাড়িতে গেলে এবং সাংসদ জামিনে বের হলে কী পরিস্থিতি হতে পারে, এ চিন্তায় শঙ্কিত তারা।
শাহাদাতের বাবা সাজু মিয়া বলেন, ‘বাড়ি যাওয়ার পর কী যে হইবে। ভয় তো থাকপে।’
গতকাল দুপুর ১২টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, শাহাদাতের পাশে বিষণ্ন হয়ে বসে আছেন তার মা সেলিনা বেগম। বাবা সাজু মিয়া উদ্বিগ্নভাবে পায়চারি করছেন। জানতে চাইলে শাহাদাত প্রথম আলোকে বলে, ‘আগের থাকিয়া ব্যথা কমছে।’
হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের সহকারী অধ্যাপক বাবলু কুমার সাহা বলেন, শিশুটির অবস্থা আগের থেকে কিছুটা ভালো।
আরও পড়ুন: