কারাগারে সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র আটক মামলায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসীন তালুকদারকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মহসীনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। ২০০৯ সালের ১২ মার্চ মহসীন তালুকদারকে গ্রেপ্তার করে সিআইডি। গতকাল আদালতে দাখিল করা সিআইডির প্রতিবেদনে বলা হয়, ‘গত ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে মহসীন তালুকদারকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ঘটনা সম্পর্কে তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’ প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কাছে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে সিইউএফএল দায়সারা একটি প্রতিবেদন দাখিল করে। এতে অবৈধ অস্ত্র ও গোলা-বারুদের আগমনসহ পুলিশ কর্তৃক বিশাল চালানের অস্ত্র আটক হওয়ার বিষয়টি সিইউএফএল কর্তৃপক্ষ উল্লেখ করেনি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ সব তথ্য বাদ দেওয়ার বিষয়টি মহসীন স্বীকার করেন।