কারাগারে সিসা বারের মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি সিসা বারের মালিককে গতকাল শুক্রবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে মোস্তফা ওয়ালিদ হোসেন নামের ওই মালিককে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।এর আগে লাইসেন্স না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ভেজালমিশ্রিত খাবার পরিবেশনের দায়ে এলএইচএফ ফুড অ্যান্ড লাউঞ্জ নামের ওই বারের মালিক মোস্তফাকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও এই অভিযানে মোহাম্মদপুর থানার পুলিশ অংশ নেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম অমিতাভ পরাগ তালুকদার অভিযান, গ্রেপ্তার ও জরিমানার তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান, বৃহস্পতিবার রাত নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় সিসা বারে মদ পাওয়া যায়। এই অভিযোগে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অভিযানের সময় ওই বারে গিয়ে দেখা যায়, সিসা সেবনকারীদের কয়েকজন ছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী ছিলেন। অন্যদের মধ্যে আইনজীবী, ব্যবসায়ী, কলেজের শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকদের সিসা সেবন করতে দেখা যায়। জানতে চাইলে সিসা বারের মালিক মোস্তফা নিজেকে সুইডেনের নাগরিক বলে দাবি করেন। তিনি জানান, গত জানুয়ারি থেকে তিনি এই বার চালু করেছেন।