কারাগারে হাজতির আত্মহত্যার চেষ্টা
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগারের এক হাজতি গতকাল মঙ্গলবার টিনের টুকরো দিয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এতে ওই হাজতি গুরুতর আহত হন।আহত হাজতি সফিকুল ইসলাম ওরফে চোরা বাবুর (২৫) বাড়ি নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায়।কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, কাশিমপুর কারাগারের ২ নম্বর ইউনিটের হাজতি সফিকুলসহ বেশ কিছু আসামিকে নেশা গ্রহণের অভিযোগে কারাগারে বিশেষ নজরদারিতে রাখা হয়। ওই বিশেষ নজরদারি থেকে রক্ষা পেতে এবং কারা কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করতে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টয়লেটে যান সফিকুল। সেখানে টিনের টুকরো দিয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। চিৎকার শুনে কারাগারের অন্য হাজতিরা তাঁকে উদ্ধার করেন এবং ঘটনাটি কারা কর্মকর্তাদের জানান।সফিকুলকে পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কমর উদ্দিন বলেন, হাজতি সফিকুলের গলায় উভয় দিকে ধারালো অস্ত্রের চারটির মতো জখমের চিহ্ন রয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।সফিকুল ঢাকার পল্লবী থানায় দায়ের করা একটি চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং একই থানায় একটি খুনের বিচারাধীন মামলারও আসামি। ২০১০ সালের ২৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় বলে কারা সূত্র জানায়।কাশিমপুর কারাগারের ২ নম্বর ইউনিটের জেল সুপার টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।