কারাগারে হাজতির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা কারাগারে মামুন মিয়া (২৯) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে কারগারের ভেতরে এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ বলছে, চারতলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে মামুন প্রাণ হারান। তবে নিহত মামুনের পরিবারের সদস্যদের অভিযোগ, বিশেষ কোনো কারণে মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
মামুন ভৈরব থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বাড়ি ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মহল্লায়।
কারাগার সূত্র জানায়, যে ভবন থেকে মামুন লাফ দিয়েছেন, তাঁকে ওই ভবনের চারতলায় রাখা হতো। গতকাল নাশতা খাওয়ার জন্য অন্যদের সঙ্গে তাঁকেও নিচে নামিয়ে আনা হয়। নাশতা খাওয়া শেষে মামুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মামুন ওই ভবনের শৌচাগারের পাইপ বেয়ে ওপরে উঠছিলেন। অন্য কয়েদিরা তা দেখে হইচই শুরু করেন। কয়েক মিনিটের মধ্যে মামুন চারতলা পর্যন্ত উঠে যান। নানা কৌশলে নিচে নামানোর চেষ্টার একপর্যায়ে মামুন লাফ দিয়ে নিচে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন এবং কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল হক বলেন, মামুন নয়টা ৩৫ মিনিটে ছাদ থেকে লাফ দেন। হাসপাতালে নেওয়ার পর ১০টা ১০ মিনিটে মারা যান। কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভির আহমেদ জানান, মামুনের সারা শরীর আঘাতপ্রাপ্ত ছিল। এদিকে মামুনের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ভৈরব থেকে কিশোরগঞ্জে যান। মামুনের মা রহিমা বেগম বলেন, ‘আমার পুতের (ছেলে) শরীরে ছাদ থেকে পড়ার কোনো আলামত দেখলাম না। স্বার্থের কারণে কেউ মাইরা ফেলাইছে।’