কারাগারে ১০৪৮ জন বিদেশি আটক রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন কারাগারে এক হাজার ৪৮ জন বিদেশি নাগরিক আটক রয়েছে। এর মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া কয়েদি ও বিচারাধীন আসামি রয়েছে। বিদেশি বন্দীদের মধ্যে সর্বাধিক ৬৬৬ জন মিয়ানমারের। এরপর রয়েছে ভারতের ৩৪৯ জন। এর বাইরে পাকিস্তানের ২১ জন, তানজানিয়ার তিনজন, নেপালের ছয়জন এবং জাপান, মালয়েশিয়া ও হাঙ্গেরির একজন করে বন্দী রয়েছে।জাতীয় সংসদে গতকাল সোমবার গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের ৬ জুনের সর্বশেষ হিসাব অনুসারে দেশের কারাগারগুলোতে ৭৭ হাজার ৮০৫ জন বন্দী আছে। দেশের প্রায় সব কারাগারেই ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রয়েছে। এ জন্য আরও ২৭টি নতুন কারাগার নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আরও ১৮টি কারাগার করার প্রক্রিয়া চলছে। তিনি জানান, কারাবিধি অনুসারে ওয়ার্ডে প্রতিজন বন্দীর ঘুমানোর জন্য ৩৬ বর্গফুট জায়গা থাকা আবশ্যক। হিযবুত তাহ্রীরের ৮৮ জন গ্রেপ্তার: তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের ৮৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের নির্মূল করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কাজ করছে। এ কাজে বিশেষ পুলিশি কার্যক্রম জোরদার করা হচ্ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিক প্রযুক্তিসহ যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আরও কার্যকর করতে এ বাহিনীর জনবল বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ বাহিনীতে মোট ৩২ হাজার ৩১ জন নতুন লোক নিয়োগ করা হবে। এর প্রথম পর্যায়ে ১৩ হাজার ৩৯১ জনকে নিয়োগের কাজ চলছে। এর বাইরে শিল্পাঞ্চল পুলিশের জন্য তিন হাজার ২৩ জন বিভিন্ন পদবির জনবল নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।নারী নির্যাতন মামলা সাড়ে ১৮ হাজার: হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১৮ হাজার ৬২৩টি নারী নির্যাতন মামলা হয়েছে। এর মধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে ১১ হাজার ৩৪০টির, আর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে চার হাজার ৩৩৮টির। মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত জানুয়ারি থেকে চার মাসে ইভ টিজিং সংক্রান্ত ঘটনায় ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইভ টিজিং নিয়ন্ত্রণে আরও কঠোর আইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যমান আইনে ন্যূনতম তিন বছর এবং সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।