কারাগারে ৩০০ মানসিক রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে ৩০০ মানসিক রোগী আসামি হিসেবে বন্দী আছেন। গত পাঁচ বছরে আদালতের নির্দেশে এঁদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। মনোরোগ বিশেষজ্ঞদের ধারণা, কারাবন্দীদের মধ্যে আরও অনেকে মানসিক রোগে ভুগছেন।
যে ৩০০ বন্দীর রোগ শনাক্ত হয়েছে, তাঁরা চুরি-ছিনতাই থেকে শুরু করে হত্যা মামলায় অভিযুক্ত। তবে অপরাধ করার সময় তাঁরা মানসিক রোগে ভুগছিলেন, না কারাগারে নেওয়ার পর আক্রান্ত হয়েছেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারণ কারাগারে ঢোকানোর সময় মানসিক স্বাস্থ্য পরীক্ষার কোনো সুযোগ নেই।
দেশের ৬৮টি কারাগারে ৭৫ হাজার বন্দীর চিকিৎসায় এ মুহূর্তে নয়জন চিকিৎসক আছেন এবং এঁদের একজনও মানসিক রোগ বিশেষজ্ঞ নন। কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মনোরোগ বিশেষজ্ঞ চেয়ে পাঠিয়েছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ফরেনসিক সাইকিয়াট্রি বিভাগ ও কারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারাগারে কোনো বন্দী হঠাৎ হিংস্র হয়ে উঠলে বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমন আচরণ শুরু করলে বা শুনানির সময় আদালত যদি মনে করেন অভিযুক্ত ব্যক্তি শুনানিতে অংশগ্রহণের যোগ্য নন, তাহলে রায় কার্যকরের আগে কয়েদিদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এসেছেন এমন কমপক্ষে ২০ জন বন্দীর রেকর্ড ঘেঁটে দেখা গেছে, এঁদের কেউই প্রাথমিকভাবে নিজেদের রোগ বা অপরাধ সম্পর্কে কিছু বলতে পারেননি। কারাবন্দীদের ফাইলে লেখা আছে, রোগীদের কথাবার্তা অসংলগ্ন, আত্মীয়-পরিজনসহ অন্যরা ক্ষতির চেষ্টা করছেন বলে তাঁরা আশঙ্কা করেন, রোগী সবাইকে সন্দেহ করেন। এ বছরে যে ১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন, তাঁদের কমপক্ষে তিনজনের পরিবারের অন্য সদস্যরাও মানসিক রোগে ভুগছিলেন, রোগীর নথিতে এমন তথ্যের উল্লেখ আছে।
চিকিৎসকেরা বলছেন, মানসিক রোগীদের সাজা হয় ‘উন্মাদ আইনে’। একই অপরাধের জন্য একজন সুস্থ-স্বাভাবিক মানুষের যে দণ্ড হবে, মানসিক রোগীর দণ্ড হবে তার চেয়ে কম। কারা অধিদপ্তরের পদস্থ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাধারণত মানসিক রোগীদের আদালতে পাঠানোর পরই জামিন হয়ে যায়। তবে পড়ে থাকেন যাঁদের আর্থিক অবস্থা খারাপ তাঁরা।
ফরেনসিক সাইকিয়াট্রি বিভাগের প্রধান খসরু পারভেজ প্রথম আলোকে বলেন, পাঁচ বছরে যে ৩০০ কারাবন্দীকে হাসপাতালে পাঠানো হয়েছে তাঁদের মধ্যে ১৪৩ জন সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। জটিল এই রোগটি ছাড়াও ৯৬ জন বাইপোলার মুড ডিসঅর্ডার ও ১৭ জন সাইকোটিক ডিসঅর্ডারে ভুগছিলেন। এর বাইরে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, মেন্টাল রিটারডেশন, সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার ও পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন অন্যরা।
চিকিৎসা নিয়েছেন এমন কারাবন্দীদের রেকর্ড ঘেঁটে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ২৩৮ জন পুরুষ এবং ৬২ জন নারী। এঁদের বয়স ১৭ থেকে ৬০ বছর।
নিজ শিশুকে হত্যা করে মা কারাগারে এসেছেন এবং মানসিক রোগী হিসেবে চিকিৎসা নিয়েছেন, এমন নারী আছেন। চিকিৎসকেরা বলছেন, প্রধানত দুটো কারণে এঁদের চিকিৎসা নিতে হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অনেক মা জটিল মানসিক রোগে আক্রান্ত হন। তাঁরা গায়েবি আওয়াজ শুনতে পান। আবার কোনো কোনো মা সন্তানকে হত্যা করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে কারাগারে আসেন।
কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সঙ্গে এসব নিয়ে কথা হয়। তবে তাঁরা কেউই নাম প্রকাশ করতে রাজি হননি। একজন কর্মকর্তা বলেন, ‘আমার ধারণা কমপক্ষে ৫০ ভাগ কারাবন্দীর মানসিক রোগের চিকিৎসা প্রয়োজন। অনেকে মাদকাসক্তির কারণে বোধ-বুদ্ধি হারিয়ে অপরাধ করেছেন। কারাগারগুলোয় চিকিৎসকের সংকট। চিকিৎসকেরা কারাগারে কাজ করতে আগ্রহী নন। এই মুহূর্তে কাশিমপুর ও ঢাকায় দুজন এবং পাবনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও পটুয়াখালীতে একজন করে চিকিৎসক আছেন। কেউ মানসিক রোগের চিকিৎসক নন। অন্য কারাগারগুলোয় সপ্তাহে একদিন চিকিৎসক আসেন।’
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর বয়স্ক ও মাদকাসক্ত কারাবন্দীদের জন্য আলাদা প্রকল্প নিয়ে কারা অধিদপ্তরের সঙ্গে কথা বলছে। মানসিক রোগীরা যে উপেক্ষিত সে বিষয়টি নিয়ে আলোচনা আছে এবং চিকিৎসক চাওয়া হয়েছে।
তবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, মনোরোগ বিষয়ে লেখাপড়ায় আগ্রহী হচ্ছেন না চিকিৎসকেরা, ফলে সবগুলো কারাগারে মনোরোগ চিকিৎসকের পদ সৃষ্টি হলেও জনবল দেওয়া কঠিন হবে।