কারাগারেই বাবার জানাজা পড়লেন সন্ত্রাসী ম্যক্সন
কারাগারে আটক চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী নুরনবী ম্যক্সন তার বাবাকে শেষ দেখা দেখতে লাশ আনা হলো কারাগারে। সেখানে পড়লেন বাবার জানাজা। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন,‘বন্দী নুরনবী ম্যক্সনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি নিরাপত্তাজনিত কারণে। পরে তাঁর বাবার লাশ কারাগারে নিয়ে আসা হয়। সেখানে বাবার জানাজা পড়েন ও শেষ দেখা করেন নুরনবী ম্যক্সন। এ সময় তাঁকে কাঁদতেও দেখা গেছে।’
কারা সূত্র জানায়, নগরের বায়েজীদ বোস্তামীর ওয়াজেদিয়া এলাকায় নুরনবী ম্যক্সনের বাড়ি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা আবদুল লতিফ হাসপাতালে মারা যান।
পরে ম্যক্সনের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে তিনি কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে জেল সুপারকে বলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়নি। নুরনবী ম্যক্সনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, অস্ত্রসহ ২০টির বেশি মামলা রয়েছে।