কারাগারের দোতলা ভবনের একটি কক্ষে আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে এসেছেন বিচারক।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান আজ বুধবার বেলা ১১টার দিকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে আসেন। এখানে আসার পরে বিচারক তাঁর খাসকামরায় যান। আজ কারাগারের অস্থায়ী আদালতে মামলাটির শুনানির দিন ধার্য রয়েছে।
এখনই সময় দেখা গেছে, এই মামলায় দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু ও তাপস কুমার পালও অস্থায়ী আদালতে এসেছেন।
তবে দুপুর ১২টা নাগাদ খালেদা জিয়ার কোনো আইনজীবীকে কারাগারের অস্থায়ী আদালতে আসতে দেখা যায়নি।
নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক সংলগ্ন ভবনের নিচ তলায় অস্থায়ী আদালত বসানোর ব্যবস্থা করা হয়েছে।
দুই তলা ভবনটির একটি কক্ষকে অস্থায়ী আদালতের এজলাস হিসেবে গড়ে তোলা হয়েছে।
কক্ষটির আয়তন বেশ বড়। প্রস্থ প্রায় ৩০ হাত। দৈর্ঘ্য ৬০-৭০ হাত। এজলাসের মেঝে নীল রঙের কার্পেট বিছানো। কক্ষটি বেশ কয়েকটি ফ্যান আছে।
এজলাসে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বসার ব্যবস্থা আছে। গণমাধ্যমকর্মীদের জন্যও বসার ব্যবস্থা রাখা হয়েছে।
এজলাস কক্ষের ভেতরে আসামি ও সাক্ষীদের জন্য পৃথক দুটি কাঠগড়া দেখা গেছে।
এজলাসের ভেতরে-বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
দায়িত্বরত কারারক্ষীরা জানান, যে ভবনের নিচতলায় অস্থায়ী আদালত বসানোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে আগে আসামিদের গ্রহণ করা হতো। এখানে আসামিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা ছিল।

সকালেই দেখা যায়, নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। কারাগারের আশপাশে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে।
নাম প্রকাশ না করে দায়িত্বরত এক কারারক্ষী জানান, অস্থায়ী আদালত থেকে কিছুটা দূরে অবস্থিত ভবনে খালেদা জিয়া বন্দী হিসেব আছেন।
জিয়া চ্যারিটেবল মামলায় দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন বলেন, এটি এখন আর কারাগার না। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এটি এখন আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলছিল এই কারাগারের কয়েক শ গজের মধ্যেই পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে। বিচারক মো. আখতারুজ্জামান ওই মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ভবনে মামলাটির শুনানি নিচ্ছিলেন।
কারাগারে অস্থায়ী আদালত বসানোর বিষয়ে দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার মামলাটি গত ফেব্রুয়ারি থেকে ছয় মাস হয়ে গেল, কোনো কার্যক্রম করতে পারছি না। খালেদা জিয়া আদালতে উপস্থিত হচ্ছেন না। এ কারণে আমরা বলেছি, খালেদা জিয়া যেখানে আছেন সেখানেই আদালত বসানো প্রয়োজন।’
খালেদাকে শুনানিতে হাজির না করার বিষয়ে কারাগার কর্তৃপক্ষ এত দিন আদালতকে অসুস্থতার কথা বলে আসছিল।
আদালত স্থানান্তরের বিষয়ে গতকাল আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে মামলাটি বিচারকাজ চলাকালে এলাকাটি জনাকীর্ণ থাকে। সে জন্য নিরাপত্তাজনিত কারণে ফৌজদারি কার্যবিধিতে প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিশেষ জজ আদালত-৫, ঢাকা-এ বিচারাধীন বিশেষ মামলা নং ১৮/২০১৭ এর বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করল। এই মামলার বিচার কার্যক্রম ঘোষিত এই অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান। মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে শুনানির জন্য রয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন আদালত। এরপর থেকে ৭৩ বছর বয়সী খালেদা জিয়াকে ওই কারাগারের দোতলার একটি কক্ষে রাখা হয়েছে।