কারাগারের গাড়ির ধাক্কায় ভ্যান খাদে, নিহত ৫
রংপুর জেলা কারাগারের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় খাদে পড়ে গিয়ে একটি রিকশাভ্যানে থাকা আট যাত্রীর পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের দুজন মা ও ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রংপুর সদর উপজেলার হরকলি ঠাকুরপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন পিকআপ ভ্যানটিতে আগুন দিয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাদপুর এলাকার আইরিন আকতার (৩৫) ও তাঁর ছেলে সাজ্জাদ (৬), একই এলাকার ধনঞ্জয় রায় (৩৩), তারাগঞ্জ উপজেলার নেকিরহাট এলাকার ছবিল উদ্দিন (৬৫) এবং একই উপজেলার সৈয়দপুর এলাকার আলিমুদ্দিন (৬০)। রিকশাভ্যানের চালকসহ আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল আজিজ এবং বালাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রংপুর জেলা কারাগারের একটি পিকআপ ভ্যান ঠাকুরপাড়া এলাকায় মহাসড়কে একটি রিকশাভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ভ্যানটি পাশের খাদে পড়ে যায়। এ সময় রিকশাভ্যানের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর শুনে মহাসড়কের প্রায় চার কিলোমিটারব্যাপী এলাকায় শত শত লোক বিক্ষোভ শুরু করে। তারা এ হত্যার বিচার দাবি করে স্লোগান দেয় এবং পিকআপ ভ্যানটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভানোর জন্য রংপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেও বিক্ষুব্ধ লোকজনের বাধার কারণে তা পাগলাপীর বাজারে আটকা পড়ে। এরপর রংপুর থেকে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু মহাসড়ক থেকে বিক্ষুব্ধ লোকজনকে সরাতে পারেনি। এ অবস্থায় সড়কের দুই দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লোকজন মহাসড়কে অবস্থান করছিল। এতে মহাসড়কে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল বন্ধ হয়ে পড়ে।