কারাগারের জমি চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রছাত্রীদের আবাসন সমস্যা নিরসনে নাজিমউদ্দিন রোডের পুরোনো ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার’-এর খালি জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
জবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক সভায় এ আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পর ওই জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে চিরস্থায়ী বন্দোবস্ত পাওয়া গেলে, সেখানে বহুতল ভবন তথা আবাসিক হল নির্মাণ করে ছাত্রছাত্রীদের আবাসিক সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া যাবে। একাডেমিক সভায় দৃঢ়তার সঙ্গে জানানো হয়, প্রস্তাবিত ভূমি পাওয়া গেলে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার নামে জাদুঘর, গবেষণাকেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র এবং আবাসিক হল নির্মাণ করা হবে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় নেতাদের জন্ম-মৃত্যু দিবস পালনসহ তাঁদের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এ কাজটি অন্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই ভালোভাবে করার সক্ষমতা রাখে বলে একাডেমিক কাউন্সিল মনে করে। একই সঙ্গে একাডেমিক কাউন্সিলের সদস্যরা ছাত্রছাত্রীদের তাঁদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এ রকম কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান। বাসস।