কারাগারের জায়গা সংরক্ষণের দাবিতে গণস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে গণস্বাক্ষর কর্মসূচিতে সই করছে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে গণস্বাক্ষর কর্মসূচিতে সই করছে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জায়গায় কোনো বাণিজ্যিক ভবন বা ছাত্রাবাস নির্মাণ না করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি হাতে নিয়েছে ‘পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি’। গতকাল সোমবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি এম মাকসুদা আখতার কর্মসূচির উদ্বোধন করেন।
জায়গা রক্ষা জাতীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, ২২ আগস্ট এই কমিটি গঠিত হয়েছে। এতে ডিএসসিসির ১২ জন ওয়ার্ড কাউন্সিলর, পুরান ঢাকার ৪৮টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিসহ সব শ্রেণিপেশার প্রতিনিধি রয়েছেন। দলমতের ঊর্ধ্বে থেকে এই কমিটি করা হয়েছে পুরান ঢাকার স্বার্থ বিবেচনা করে। এর মধ্যে তাঁরা ২৩ ও ২৭ আগস্ট পরিত্যক্ত কারাগারের সামনে মানববন্ধন করেছেন। এখন গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়েছে।
গতকাল গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে হাসিবুর রহমান বলেন, পুরান ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে মানুষের বিনোদন, খেলাধুলার কোনো ব্যবস্থা নেই। কারাগারের এই জায়গায় যদি আবার বাণিজ্যিক ভবন বা ছাত্রাবাস নির্মিত হয়, তাহলে এলাকার পরিবেশ আরও নষ্ট হবে। এখানে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতি সংরক্ষণের জন্য একটি জাদুঘর ও একটি শিশুপার্ক নির্মাণ এবং অবশিষ্ট জায়গা সবুজ উদ্যান ও খোলামাঠ হিসেবে সংরক্ষণের দাবি জানান। এই মাঠটি হবে পুরান ঢাকার মানুষের একটু নিশ্বাস ফেলার জায়গা। এখানে এলাকাবাসী ও ছেলেমেয়েরা খেলাধুলা ও শরীরচর্চা করতে পারবেন।
গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, পুরান ঢাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের জন্য খেলার কোনো মাঠ নেই। এমনকি তাঁর নিজের কলেজও কোনো মাঠ নেই। কারাগারের জায়গায় মাঠ করা হলে সেখানে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে। এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা যাবে। তা ছাড়া পুরান ঢাকার পরিবেশের উন্নয়নের জন্যও খোলা জায়গা ও সবুজ উদ্যানের প্রয়োজন। কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে স্বাক্ষর করেন।