কারাগারের জায়গায় শিশুপার্ক নির্মাণের দাবি

পুরান ঢাকায় পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জায়গায় জাদুঘর, শিশুপার্ক ও খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ‘পুরান ঢাকা পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি’। গতকাল শনিবার দুপুর ১২টায় নাজিম উদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে এ মানববন্ধন করা হয়।
পুরান ঢাকার জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের কর্মীরা সংগঠনটি তৈরি করেছেন। গতকাল দ্বিতীয় দিনের মতো সংগঠনটিকে কর্মসূচি পালন করতে দেখা যায়। একই দাবিতে গত মঙ্গলবারও মানববন্ধন করে সংগঠনটি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরান ঢাকায় পর্যাপ্ত খোলা জায়গা ও মাঠ নেই৷ মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলা থেকে বঞ্চিত৷ শরীরচর্চা বা হাঁটাহাঁটির কোনো স্থান নেই৷ তাই কারাগারের জায়গায় খেলার মাঠ, পার্ক, জাদুঘর ও বিনোদনের ব্যবস্থা করতে হবে৷ এই জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া যাবে না৷
মানববন্ধন শেষে সমাবেশে পুরান ঢাকা পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ ও আউয়াল হোসেন প্রমুখ বক্তব্য দেন৷