কারাগারের নিরাপত্তা নিয়ে সম্মেলন
আন্তর্জাতিক রেডক্রস কমিটি ও বাংলাদেশ কারা অধিদপ্তর যৌথভাবে আগামী ১৬ থেকে ১৯মে চতুর্থ এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে।
রাজধানীর একটি হোটেলে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। কারাগারের মধ্যে নিরাপত্তা ও মানবিক চাহিদার ভারসাম্য নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে।
সম্মেলনে বাংলাদেশসহ ১৪টি দেশের জ্যেষ্ঠ সংশোধনাগার ব্যবস্থাপক (সিনিয়র কারেকশনার ম্যানেজার) অংশ নেবে।
আজ রোববার সকালে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরটির মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন এসব কথা জানান।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, সম্মেলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন কেস স্টাডি ব্যবহার করে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবে। কারাগার বা বন্দীশালাগুলো তৈরি, নকশা, পরিকল্পনা, নিরাপত্তাব্যবস্থার মধ্যে মানবিক ভারসাম্য নিয়ে আলোচনা হবে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি ৯০ টিরও বেশি দেশে কারাবন্দীদের জন্য বন্দী কার্যক্রম পরিচালনা করেছে।