কারাগারের পাশ থেকে আবারও বালু উত্তোলন
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পাশে পদ্মা নদীর পাড় থেকে আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মামলা, কারাগার কর্তৃপক্ষের উদ্বেগ ও রাজশাহী জেলা প্রশাসকের সতর্কীকরণ বিজ্ঞপ্তির পর ২০১৩ সালে ওই স্থান থেকে বালু উত্তোলন বন্ধ হয়।
রাজশাহীর শ্রীরামপুর মৌজার কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) প্রতিষ্ঠান কেন্দ্রীয় কারাগারের পাশের ওই স্থান থেকে দুই সপ্তাহের বেশি সময় ধরে কয়েকজন যুবক সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বালু তুলছেন। গভীর গর্ত খুঁড়ে তোলা হচ্ছে এসব বালু। রাতভর বালু বহনকারী ট্রাকগুলো শহররক্ষা বাঁধের ওপর দিয়ে যাতায়াত করছে।
জানা গেছে, কারাগারের আধা কিলোমিটারের মধ্যে পদ্মার পাড় থেকে এই বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বাধা দেওয়া হয়নি। তবে বালু বহনকারী ট্রাকগুলো রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান ওরফে ডালিমের জমির ওপর দিয়ে নদী থেকে উঠে আসছে।
জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার ছেলেরাই বালু তুলছে। তিনি তাদের বালু তুলতে নিষেধ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ২০১১ সালে দিনের বেলায় ওই জায়গা থেকে বালু উত্তোলন করা হয়। ওই বছর ৩ নভেম্বর কারাগারের তৎকালীন জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম গভীর উদ্বেগ প্রকাশ করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দেন। তাতে বলা হয়, কেন্দ্রীয় কারাগার ১৮৪০ সালে নির্মিত একটি পুরোনো কারাগার। গড়ে প্রতিদিন এখানে আড়াই হাজার বন্দী অবস্থান করছেন। এর পূর্ব পাশে রয়েছে কারা প্রাথমিক বিদ্যালয় ও আবাসিক এলাকা। পদ্মা নদী থেকে বালু নিয়ে কয়েক শ ট্রাক কারগারসংলগ্ন পূর্ব পাশের সড়ক ব্যবহার করে দিন-রাত চলাচল করছে। এতে কারাগারের দেয়ালে ফাটল দেখা দিতে পারে। পাশাপাশি বন্দীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। একইভাবে বালুর ট্রাক শহররক্ষা বাঁধেরও ক্ষতি করছে।
২০১১ সালের ১ নভেম্বর রাজশাহী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, কতিপয় ব্যক্তি কারাগারের দক্ষিণ পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এভাবে বালু উত্তোলন করলে নদীর গতিপথ পরিবর্তনসহ তীরে ভাঙন দেখা দিতে পারে।
রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও বালু উত্তোলনকারীদের উদ্দেশে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এসব উদ্যোগের পর ২০১৩ সালে ওই এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ হয়। সম্প্রতি আবারও ওই এলাকা থেকে বালু উত্তোলন চলছে। কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাইল হোসেন বলেন, এবার বালুর ট্রাকগুলো কারাগারের পূর্ব পাশের সড়ক ব্যবহার করছে না। এবার যে স্থান থেকে বালু তোলা হচ্ছে, তাতে কারাগারের ক্ষতি হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন না। রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, শ্রীরামপুর মৌজায় পদ্মা নদী খনন অবশ্যই শহরের জন্য ঝঁকিপূর্ণ। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।