কারাগারের প্রদর্শনী আরও দুই দিন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারটি আবারও পরিদর্শনের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। প্রধানমন্ত্রীর পরিদর্শনের কারণে এক দিন বন্ধ থাকার পর এটি আবারও খুলে দেওয়া হচ্ছে। আজ ও কাল দর্শনার্থীরা কারাগার দেখার সুযোগ পাবেন।

গতকাল শনিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ইকবাল হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, বিশেষ কারণে কারাগারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল। দর্শনার্থীরা এই কারাগারটি দেখতে অনেক আগ্রহী। তাঁদের এই আগ্রহের কথা মাথায় রেখে ৬ ও ৭ নভেম্বর পর্যন্ত কারাগারটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 কারা প্রশাসনের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের জানান, ৬ ও ৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারাগারটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে জেলহত্যা দিবস উপলক্ষে ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত কারাগারটি দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ওই সময় কারাগারে দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষ কারাগারটি দেখতে আসেন। তাঁরা কারাগারের ভেতরে গড়ে ওঠা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় চাঁর নেতা কারা স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। সাধারণ মানুষ কারাগারের বিভিন্ন সেলে গিয়ে সেলফি তোলেন।

আগামী দুই দিন ১০০ টাকার টিকিটের বিনিময়ে কারাগার পরিদর্শন করা যাবে। এর আগেও ১০০ টাকার টিকিট নিয়ে দর্শনার্থীরা কারাগার পরিদর্শন করেন। এই টাকা কল্যাণের জন্য খরচ করা হবে।