কারাগারের প্রদর্শনী এক দিনের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ছুটির দিন থাকায় সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল দর্শনার্থীদের ভিড়। বেলা ১টা পর্যন্ত উন্মুক্ত থাকার পর প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
গতকাল ছুটির দিন থাকায় সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল দর্শনার্থীদের ভিড়। বেলা ১টা পর্যন্ত উন্মুক্ত থাকার পর প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

নিরাপত্তার কারণে গতকাল শুক্রবার কারাগারের অভ্যন্তরে ‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কারাগার সূত্র৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই প্রদর্শনী দেখতে যেতে পারেন বলে কারা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে ঘোষণা ছাড়াই এই প্রদর্শনী গতকাল বেলা একটা থেকে বন্ধ রাখার কারণে অনেক দর্শনার্থীকে ফিরে যেতে হয়৷
জানতে চাওয়া হলে সহকারী কারা মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘অনিবার্য কারণে দর্শনার্থীদের গতকাল কারাগারের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি৷ আজও সাধারণ দর্শনার্থীরা কারাগারে ভেতরে ঢুকতে পারবেন না।’ কিন্তু অনিবার্য কারণ কী, তা তিনি বলতে রাজি হননি৷
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে কারাগারের অভ্যন্তরে গত মঙ্গলবার এই প্রদর্শনীর আয়োজন করে কারা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি। প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ আজ শনিবার পর্যন্ত এই প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা ছিল।
কারাগার সূত্র জানায়, মঙ্গলবার এই প্রদর্শনী শুরু হয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা, বেলা ১টা থেকে ৩টা ও বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়৷ প্রদর্শনী ছাড়াও কারাগারের ভেতর জাতীয় চার নেতার স্মৃতি কারা জাদুঘরসহ বিভিন্ন কারাকক্ষ ঘুরে দেখার সুযোগ পান দর্শনার্থীরা৷ টিকিটের মূল্য ছিল ১০০ টাকা।
সরেজমিনে দেখা যায়, বেলা দুইটার পর থেকে কারাগারের সামনে ছিল দর্শনার্থীদের ভিড়। তাঁরা জানতেন, তিনটায় কারা ফটক খুলবে। তাই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেও এসব দর্শনার্থী অপেক্ষায় ছিলেন। বেলা তিনটার দিকে কারা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দেয়, অনিবার্য কারণে দর্শনার্থীদের কারাগারে ঢুকতে দেওয়া হবে না৷ এমন ঘোষণা শোনার পর বেশির ভাগ দর্শনার্থী হতাশ হন।
রাজধানীর মিরপুর ১০ নম্বর থেকে সপরিবার কারাগারের অভ্যন্তরের ওই প্রদর্শনী দেখতে যান সরকারি চাকরিজীবী মুমিনুল ইসলাম৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার সরকারি ছুটি থাকায় পরিবারের সবাইকে নিয়ে কারাগারের ঐতিহ্য দেখতে এসেছিলাম৷ কিন্তু কারাগারের সামনে গিয়ে দেখি ফটক বন্ধ৷ তাই ফিরে যেতে হচ্ছে৷’