কারাগারের বাইরেও কাজের সুযোগ পাবেন বন্দীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া কারাবন্দীদের জন্য একটি উন্মুক্ত কারাগার (ওপেন জেল) নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। তিনি বলেন, কিছু কিছু কারাবন্দীর জন্য কারাগারের বাইরেও কাজ করার সুযোগ থাকবে। তাঁরা সকালে কাজে যাবেন, সন্ধ্যায় ফিরে আসবেন।

ঢাকায় চতুর্থ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কারা সিনিয়র কারেকশন ম্যানেজারদের (কারা জ্যেষ্ঠ সংশোধনাগার ব্যবস্থাপক) আঞ্চলিক সম্মেলন উপলক্ষে আজ রোববার কারা অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক এ কথা বলেন।

১৬ থেকে ১৯ মে চার দিনব্যাপী এই সম্মেলন হবে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি) ও কারা অধিদপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। ১৬ মে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধন করবেন। এতে বাংলাদেশসহ ১৪টি দেশের ২৮ জন কারা জ্যেষ্ঠ সংশোধনাগার ব্যবস্থাপক অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’।

সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বলেন, উখিয়ায় সরকার ইতিমধ্যে ১৩৪ একর জমি জায়গা অধিগ্রহণের কাজ শুরু করেছে। ইতিমধ্যে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, এই ওপেন জেলের বন্দীরা কারাগারের সীমানার মধ্যেই থাকবেন। তবে কাজের জন্য বাইরে যাওয়া-আসার সুযোগও থাকবে তাঁদের জন্য। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় এমন কারাগার রয়েছে। এসব কারাগার মূলত সংশোধনাগারের আদলে গড়ে তোলা হয়। উখিয়ার এই কারাগারটি একইভাবে নির্মাণ করা হবে। এই কারাগারে যাঁরা থাকবেন, তাঁরা সীমানাপ্রাচীরের মধ্যেই থাকবেন। তবে তাঁদের জন্য কাজের সুযোগ থাকবে। দুটি প্রক্রিয়ায় তাঁরা কাজ করতে পারবেন। প্রথমত, কারাগারের সীমানাপ্রাচীরের মধ্যেই শিল্প-কারখানা থাকবে। কারাবন্দীরা সেসব কারখানায় কাজ করতে পারবেন। আবার কিছু কারাবন্দীদের জন্য কারাগারের বাইরেও কাজ করার সুযোগ থাকবে। তাঁরা সকালে কাজের জন্য বাইরে যাবেন, কাজ শেষে সন্ধ্যায় ফিরে আসবেন। শিগগিরই কারাগারটি নির্মাণের কাজ শুরু হবে জানিয়ে তিনি জানান, এর নির্মাণকাজ শেষ হতে কয়েক বছর সময় লাগবে।

কারা মহাপরিদর্শক বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ সংশোধনাগার ব্যবস্থাপকদের এই সম্মেলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন কেস স্টাডি ব্যবহার করে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি বন্দিশালাগুলো তৈরি, ডিজাইন, পরিকল্পনা ও পরিচালনার সময় যেন নিরাপত্তা ও মানবিক অবস্থার মধ্যে ভারসাম্য থাকে, সেসব বিষয়ে ওপরও গুরুত্ব দেওয়া হবে সম্মেলনে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতু।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, সারা দেশের ৬৮ কারাগারে ১১৭ জন চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র ছয়জন। নার্সরাও চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। সে কারণে কোনো বন্দী অসুস্থতাবোধ করলে তাঁকে সঙ্গে সঙ্গে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আইসিআরসি বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইখতিয়ার আসলানভ সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন।