গ্রেপ্তার হওয়া ব্লগারদের মুক্তির দাবিতে গতকাল সোমবার কেন্দ্রীয় কারাগারের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও ব্লগাররা। গতকাল বেলা তিনটার দিকে ‘ব্লগারদের মুক্তি দাও, নইলে মোদের জেলে নাও’—এই ব্যানার নিয়ে ৩০ থেকে ৩৫ জন কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান নেন। তবে কারাগার গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত এলাকা বলে কারা কর্তৃপক্ষ সেখানে তাঁদের বেশিক্ষণ অবস্থান করতে দেয়নি। একপর্যায়ে কারা পুলিশ গিয়ে আন্দোলনকারীদের জোর করে সরিয়ে দেয়। এরপর ব্লগাররা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন ও সমাবেশ করেন। সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব মীর বলেন, আজকে একদিকে সরকার, অন্যদিকে সাম্প্রদায়িক শক্তি। এই দুইয়ের মাঝে পড়ে ব্লগাররা আজ কারাগারে। কিন্তু এই অবস্থা চলতে পারে না। সক্রেটিসকে হেমলক পান করিয়ে হত্যার পর যেমন লাখো সক্রেটিসের জন্ম নিয়েছে, তেমনি ব্লগারদের মুক্তি না দিলে সারা দেশে লাখো মুক্তিকামী মানুষের জন্ম নেবে। প্রবীণ সাংবাদিক সেলিম সামাদ বলেন, ‘নাস্তিক অ্যাখ্যা দিয়ে স্বাধীনতার পক্ষের মানুষদের কারাগারে রাখা হচ্ছে আর সাম্প্রদায়িক শক্তিকে হেফাজতে রাখা হচ্ছে। আমাদের অনুরোধ, হয় ব্লগারদের মুক্তি দিন, নইলে আমাদেরও জেলে নিন।’ প্রতিবাদী সমাবেশের আয়োজকদের একজন ব্লগার ও তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক বলেন, ‘ব্লগাররা মুক্তিযুদ্ধের চেতনার পাহারাদার। আজকে সেই পাহারাদারদের জেলে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে করুণা চাইছি না। আমরা চাই ব্লগারদের জামিন দেওয়া হোক। এরপর তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি আদালতেই নিষ্পত্তি হোক।’ ব্লগার আসিফ এন্তাজ বলেন, ‘ব্লগাররা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছেন। কিন্তু আজ তাঁদের কারাগারে নেওয়া হয়েছে। তাই কি-বোর্ড ছেড়ে আমরা রাজপথে। একদিন লাখো মানুষ এভাবে রাজপথে নেমে আসবে।’ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাকিয়া আহমেদ, মাহমুদুল হাসান, সুজন মণ্ডল, রাজীব হাসান, মলয় কুমার, নূরে আলম, ব্লগার মারুফ কামরুল হাসান, সৈয়দ ফায়েজ আহমেদ, বিনয় ভদ্র, নাদিমুজ্জামান, তুহিন হোসেন, রাশেদুজ্জামান, স্বরাজ, তামিম হাসান দেবাশীষ বিশ্বাস ও নব।