
কারাবন্দী বিডিআর সদস্যদের সঙ্গে দেখা করতে গতকাল শুক্রবারও ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে ছিল অজস্র স্বজনের ভিড়। সকালে বাস ধর্মঘট উপেক্ষা করেই তারা ভিড় জমায় কারা ফটকে। অনেকে এসেছে দূরদূরান্ত থেকে। গতকাল সকালে বন্দীদের সঙ্গে দেখা করতে কারা ফটকে এসেছিল বিপুলসংখ্যক মানুষ। এদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ এসেছিল পিলখানা হত্যা মামলায় কারাবন্দী বিডিআর সদস্যদের সঙ্গে দেখা করতে। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষার পরেও অনেকে দেখা করতে পারেনি স্বজনের সঙ্গে। দরখাস্ত দিয়ে অনুমতির টিকিট নিয়ে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় বিমর্ষ এসব মানুষকে।
সাতক্ষীরা থেকে ছোট ছেলে তরুণ সিপাহী হাফিজ গাজীকে দেখতে এসেছেন ষাটোর্ধ্ব জোহরা বেগম। সারা রাত বাসযাত্রার পরে কড়া রোদে কালো বোরকা পরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। কারা ফটকের পাশে পুলিশ ফাঁড়ির প্রাচীরের ছায়ায় তাঁকে ধরে বসান একজন। বেলা একটার দিকে তাঁকে সেখানে বসেই ছেলের জন্য বিলাপ করতে দেখা যায়। তিনি বলেন, তাঁর ছেলের চাকরির মাত্র ১০ মাসের মাথায় বিডিআর বিদ্রোহ হয়। সেই থেকেই ছেলেটা জেলে। এর মধ্যে তিনি একবারও আসেননি। শুনেছেন রায় হয়েছে। কিন্তু ছেলে দণ্ড পেল, না খালাস পেয়েছে, তা তিনি জানেন না। নতুন চাকরি, পরিচিতি কম, তাই খবর পেতেও অনেক সমস্যা। শেষ পর্যন্ত নিজেই এসেছেন। তাঁর ভাতিজা আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বারবার জিজ্ঞেস করছিলেন, ‘আমারে ঢুকতি দেবে তো বাবা?’
কারা প্রাচীরের পাশেই বন্দীদের সঙ্গে দেখা করার একটি নমুনা আবেদনপত্র নিয়ে দাঁড়িয়ে ছিলেন পঞ্চাশোর্ধ্ব হাওয়া বেগম। এই প্রতিবেদকের হাতে কাগজ-কলম দেখে নমুনা আবেদনপত্রটি দেখিয়ে তিনি বললেন, ‘আমারে এইরম একটা দরখাস্ত লেইখা দেবেন?’ কারা ফটকের সামনের দোকানগুলোতে ১০ টাকায় দরখাস্ত কিনতে পাওয়া যায় জানাতেই তিনি বললেন, ‘বাস ছেল না বাবা, রিকশাভাড়া দিয়া মিরপুর শিয়ালবাড়িত্তে আইসি। এহন ১০ ট্যাকা দিয়া দরখাস্ত কেনলে বাড়ি যাইতে পারুম না।’
জোহরা জানান, তাঁর দেবর সিপাহী জহিরুল হক পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েছেন বলে লোকমুখে শুনেছেন। কিন্তু বিষয়টি তিনি এখনো নিশ্চিত হতে পারেননি। ওই দেবরের আয়েই তাঁদের সংসার চলত। কলেজ পড়ুয়া মো. ইকবাল বিডিআরের সাবেক নায়েব-সুবেদার বাবার সঙ্গে দেখা করে বের হয়ে চোখ মুছছিলেন। তিনি বলেন, তাঁর বাবার চাকরির আর মাত্র দুই মাস বাকি ছিল। ইউনিটের সবারই গুরুজন হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ৩১ বছরের সাজা হয়েছে।
ল্যান্স নায়েক (অফিস সহকারী) লুত্ফর রহমানের স্ত্রী বলেন, তাঁর স্বামী বিদ্রোহের দিন জীবনের ঝুঁকি নিয়ে মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাঁচিয়েছিলেন। পরে সেই কর্মকর্তা তাঁর স্বামীকে খুঁজে বের করে নানাভাবে সাহায্য করার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। বিদ্রোহের মামলা এবং পিলখানা হত্যা উভয় মামলাতেই তাঁর স্বামীর সাজা হয়েছে।