কারাগারের ২০ শতাংশ কয়েদিই হলেন মাদক ব্যবসায়ী। সেখানে শক্তভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবু তা শেষ হচ্ছে না। মাদকের কুফল নিয়ে সবাইকে সামাজিকভাবে কাজ করতে হবে। এতে সমাজে মাদকের ব্যবহার কমে আসবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। জেলা পুলিশ প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।
পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক নাজমুছ সাদাত, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে ধর্মের নামে জঙ্গিবাদকে কোনোভাবেই উত্থান হতে দেওয়া হবে না। জঙ্গিবাদের শিকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করে জঙ্গিদের শাস্তি নিশ্চিত করা হবে।
এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সদর উপজেলার মুলজান এলাকায় বানিয়াজুরী পুলিশ তদন্তকেন্দ্র ও শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন করেন।