প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে হাবিবুর রহমান ওরফে হৃদয় (২৮) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নির্বাহী হাকিম ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিরজ্জামান এই আদেশ দেন। হাবিবুর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বনগ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে হাবিবুর রহমান কাশিয়ানী উপজেলার একটি বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। পরে ওই ছাত্রী কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ পরের দিন তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।