কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কলেজছাত্রীকে যৌন হয়রানির দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমান গতকাল বুধবার বিকেলে এ আদালত পরিচালনা করেন। দণ্ডিত ব্যক্তি শেখ জয়নাল আবেদীন (৩০) উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়নাল দীর্ঘদিন ধরে দামুড়হুদা স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। সর্বশেষ তিনি ফটোশপের মাধ্যমে নিজের সঙ্গে ওই ছাত্রীর ছবি জুড়ে দেন। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ইউএনওর কার্যালয়ে হাজির করানো হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে জয়নালকে জেল-জরিমানা করা হয়। ইউএনও জানান, দণ্ডবিধির ৩৫৪ ধারায় এ সাজা দেওয়া হয়েছে।