প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করায় দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) মো. মাসুদুর রহমান। গতকাল বুধবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়। আদালত সূত্র জানায়, পুলিশ সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালান। এ সময় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুরের জলসীমানা থেকে খননযন্ত্রের চালক মো. হানিফ হোসেন (৩০) ও বলগেট চালক ওমর ফারুককে (৩৫) আটক করে পুলিশ। পরে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০-এর ১৫ ধারায় এ শাস্তি দেওয়া হয়েছে। এ সময় একটি খননযন্ত্র ও একটি বলগেট জব্দ করে পুলিশকে হস্তান্তর করা হয়।