কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় গতকাল রংপুর শহরে কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমানের আদালত। দুপুরে শহরের তাজহাট মোল্লাপাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় কামরুজ্জামানের বাড়ি থেকে ১৬টি চার্জার ব্যাটারি ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। রংপুর বিদ্যুৎ বিতরণ-১-এর উপসহকারী প্রকৌশলী মনোজ কুমার জানান, তাজহাট মোল্লাপাড়ার আবদুর রশিদ এবং তাঁর ছেলে কামরুজ্জামান ও জামাই হাফিজ মিলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবসা করে আসছিলেন। অভিযানের সময় আবদুর রশিদ ও হাফিজ পালিয়ে গেলেও কামরুজ্জামান ধরা পড়েন। পলাতক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।