প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রফিকুল ইসলাম (২৩) ও আবু জাফর (২৬) নামের দুই তরুণকে মাদক সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে ইউএনও এস এম ফরিদ উদ্দিন এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত রফিকুলের বাড়ি উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে ও আবু জাফরের বাড়ি একই উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে। ইউএনও এস এম ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের মোমেনিয়া দাখিল মাদ্রাসার সামনে গাঁজা সেবনের সময় দুই পুরিয়া গাঁজাসহ রফিকুল ও আবু জাফরকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।