প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রী উত্ত্যক্তকারী দুই তরুণকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন গতকাল রোববার এ আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া তরুণেরা হলেন পৌর এলাকার মসজিদপাড়ার মোহাম্মদ হাদি (২০) ও মোহাম্মদ মজিবুর (১৯)। কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া জানান, সকালে বহিরাগত এই দুজন এক ছাত্রীকে অশ্লীল কথা বলেন এবং মাথার ক্লিপ খুলে নেন। একজন শিক্ষক দৃশ্যটি দেখে তাঁদের ধরার জন্য চিৎকার করলে শিক্ষকেরা তাঁদের আটক করেন। পরে পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, উত্ত্যক্তকারীরা আটক হওয়ার পর ব্যাপক তদবির শুরু হয়। কিন্তু পুলিশ তাঁদের দ্রুত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ওই দুজন পেশায় রংমিস্ত্রি।