প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে মাদকসহ গ্রেপ্তার দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে বিজিবির সদস্যরা সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে ২০৫ ক্যান বিয়ার ও ১৩ বোতল মদসহ নুর আহমদ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল রোববার কক্সবাজারের নির্বাহী হাকিম মো. মিজানুর রহমান তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এদিকে শনিবার রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়ায় বিজিবির তল্লাশিচৌকিতে কক্সবাজারগামী একটি চান্দেরগাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫টি ইয়াবা বড়িসহ আবদুস সালাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল নির্বাহী হাকিম মো. সাদিকুর রহমান তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।