কারাফটক থেকে হাবিব-উন-নবীকে আটকের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারের ফটক থেকে আবার আটক করার অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর কারাফটক থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে আটক করে নিয়ে যায়। তবে এ ব্যাপারে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করে উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হওয়ার সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে গেছে। তিনি হাবিব উন-নবী খানকে কারামুক্তির পর কারাফটক থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে হাবিব-উন-নবী খানের নিঃশর্ত মুক্তির দাবি করেন রিজভী।